জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

৩০ জুলাই রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছিল, কিন্তু জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, দেশে অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৈঠকে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে বিএনপির সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয় এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করা হয়। সভায় ৫ আগস্টের কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাগপার সহসভাপতি, লেবার পার্টির চেয়ারম্যানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। ১১ দলীয় জোট গত কয়েক মাস ধরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।