রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দালাল-সিন্ডিকেট ও অনিয়ম দূর করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

সভা শেষে হাসপাতালের দুটি ওয়ার্ড পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে ১২৪ জন কর্মী আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত থাকলেও তা হাসপাতালের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। রংপুর চেম্বার অব কমার্স প্রতি মাসে ১০ জন কর্মীর সম্মানী বহনের আশ্বাস দিয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল আরও পাঁচজন কর্মীর ব্যয় বহন করবেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের দায়িত্বে থাকা কর্মচারীদের পরিচয়সূচক ভেস্ট পরিধান বাধ্যতামূলক করা হবে। রোগীদের সঙ্গে একজনের বেশি স্বজনকে থাকার অনুমতি দেওয়া হবে এবং তাদের জন্য ঝুলানো কার্ড দেওয়া হবে।

ত্রাণমন্ত্রী আরও জানান, হাসপাতালের সেবার মান বাড়াতে তিন ধাপে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০টি আইসিইউ বেডের সঙ্গে আরও ১০টি বেড যুক্ত করা হবে। অ্যানেস্থেসিয়া সংকটের কারণে জরুরি অস্ত্রোপচার ব্যাহত হলে তা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালের অনিয়মের বিষয়ে তিনি বলেন, লাশ পরিবহনে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ কারণে তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে নির্ধারিত ভাড়ায় সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য একটি পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে।