কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের কাছে একটি মাঠ থেকে আবদুল আজিজ (২৭) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইনানী সৈকতের পূর্ব পাশের পাঁচতারকা হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের পাশের খালি জায়গা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আবদুল আজিজ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে। তিনি ওই হোটেলের গরুর খামারের পরিচর্যার দায়িত্বে ছিলেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, আবদুল আজিজের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আবদুল আজিজের পরিবার জানায়, তিনি প্রায় এক বছর ধরে হোটেল বে-ওয়াচে চাকরি করছিলেন। তাদের দাবি, আজিজকে মারধর কিংবা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বে-ওয়াচ হোটেলের উপমহাব্যবস্থাপক এনায়েত উল্লাহ জানান, নিহত আবদুল আজিজ গরুর খামার দেখাশোনা করতেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই।