জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বালুর ট্রাক দিয়ে তাদের আটকে ফেলা যাবে না। তিনি বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্টে এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’

এদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় এনসিপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বুধবার এনসিপি নেতৃবৃন্দ মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন।

মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ জেলা শহরে পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে, যাতে সারজিস আলমসহ কয়েকজন আহত হন। এনসিপির পক্ষ থেকে ওই রাতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

একই দিনে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হলে জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।