দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে বুধবার তীব্র তাপপ্রবাহের মধ্যে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৫৬ মিনিটে তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ২০১৬ সালে রেকর্ড করা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের আগের রেকর্ডকে অতিক্রম করে। এটি ১৯০৪ সালে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা।

এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ২০০৮ সালে সেখানে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসন জানিয়েছে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উচ্চচাপ বলয় এবং তিব্বতি উচ্চচাপ বলয়ের যৌথ প্রভাবে এই তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।

আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সিউলের কিছু এলাকায় অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় সেখানে তাপপ্রবাহ সতর্কতা আরও জোরদার করা হয়েছে। চলতি গ্রীষ্মে এটি সিউলে দ্বিতীয়বারের মতো তাপপ্রবাহ সতর্কতা জারির ঘটনা।

সিউল সিটি কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সরকারি স্থাপনাকে শীতল আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দিয়েছে। এছাড়া পৌরসভার নির্মাণ প্রকল্পগুলোতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরের কাজ সীমিত করা হয়েছে এবং বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।