ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল।

৩৪ বছর বয়সী এই তারকা কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ের পর তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল, এই ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটল।

নেইমার জানিয়েছেন, জাতীয় দল থেকে বিদায় নিতে গিয়ে তার কোনো আক্ষেপ নেই; কারণ দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। গোল ডটকমের তথ্য অনুযায়ী, ম্যাচের পর তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, আমি খুব খুশি ছিলাম। আমি আমার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং ব্রাজিলের জার্সির জন্য সবসময় লড়াই করেছি। কিন্তু এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’

বর্তমানে নেইমারের পুরো মনোযোগ এখন তার প্রিয় ক্লাব সান্তোসের দিকে। সম্প্রতি একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে কনিষ্ঠ সতীর্থদের সমালোচনা এবং ভয় দেখানোর যে খবর চাউর হয়েছিল, সে বিষয়েও তিনি কথা বলেছেন।

নেইমার বলেন, ‘বিষয়টি দুঃখজনক এবং বিরক্তিকর, তবে এতে আমার কোনো দোষ নেই। এই ধরনের গুজব অনেক মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ম্যাচের পর খেলোয়াড়দের সাথে কথা বলেছি এবং আরও ভালো পারফরম্যান্সের দাবি করেছি।’