শরীয়তপুরের জাজিরা উপজেলায় একাধিক সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার শামিমের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স শামিম ট্রেডার্সের বিরুদ্ধে নিম্নমানের কাজ ও প্রভাব খাটিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত জমাদ্দার মোড় থেকে ইঞ্জিনিয়ার ঘাট পর্যন্ত সড়ক, জাজিরা পুরাতন বাজারের পেছনের আরসিসি সড়ক এবং সড়কবাতি স্থাপনসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটি। তবে এসব প্রকল্পের অধিকাংশ কাজেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে।
বিশেষ করে প্রায় ৮০ লাখ টাকার দুই দফার সড়কবাতি প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণকাজের কারণে বেশ কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক সড়কবাতি অচল হয়ে পড়েছে। স্থানীয়রা একাধিকবার কাজ বন্ধের জন্য আপত্তি জানালেও কাজ পুনরায় শুরু করা হয়।
এছাড়া, বিভিন্ন সড়ক নির্মাণ প্রকল্পেও নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, নির্মাণসামগ্রী কম ব্যবহার ও কাজের মান খারাপ হওয়ায় কয়েকবার কাজ বন্ধ হয়ে যায়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অসমাপ্ত কাজ শেষ করা হলেও মান নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
এদিকে, এলজিইডি সূত্র জানিয়েছে, একটি সড়ক প্রকল্পের প্রায় ১৫ লাখ টাকার বিল কর্তন করা হয়েছে এবং কয়েকটি প্রকল্পের জামানতের অর্থ আটকে রাখা হয়েছে। জাজিরা পৌরসভা ও উপজেলা প্রশাসন অভিযোগগুলো সরেজমিনে পরিদর্শন করছে এবং তদন্তে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।