দিনাজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন স্কুলছাত্রী পল্লবী রানী (১৪) ও তার মা ছবি রানী রায় (৩৫)।

এ ঘটনায় নিহতের স্বামী রিপেন চন্দ্র রায় সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, গৌর চন্দ্র রায় নামের এক যুবক তার মেয়েকে নিয়ে পালিয়ে যায় এবং পরে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

রিপেন চন্দ্র রায় জানান, গত ১৯ জুন গৌর চন্দ্র রায় তার মেয়েকে নিয়ে ঢাকায় পালিয়ে যায়। পরে পুলিশ ২৬ জুন তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কিন্তু কিছুদিন পর গৌর চন্দ্র পল্লবী চন্দ্রের সাথে যোগাযোগ করতে না পেরে ভিডিওটি ছড়িয়ে দেয়। এতে লোক লজ্জায় মা-মেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।