তারাগঞ্জে উদ্ধার মানবকঙ্কাল নিখোঁজ শহির উদ্দিনের—দাবি পরিবারের, পরিচয় নিশ্চিত করবে ডিএনএ পরীক্ষা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মানবকঙ্কালটি নিখোঁজ শহির উদ্দিন (৭৩)-এর বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কঙ্কালের পরিচয় নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
গত শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্থানীয়রা ক্যানেলের পাশের একটি পাটক্ষেত সংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ বের হতে দেখে ঘটনাস্থলে গিয়ে মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন হাড় এবং পচাগলা দেহাবশেষ দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবিও উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, ওই পোশাকগুলো শহির উদ্দিনের। সেই ভিত্তিতেই তারা ধারণা করছেন উদ্ধার হওয়া মানবকঙ্কালটি তারই।
শহির উদ্দিন উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকার ভাদুপাড়া গ্রামের মৃত ছফদ্দির ছেলে। পরিবার জানায়, কয়েকদিন আগে তিনি রংপুর শহরে মানুষের সহযোগিতা চাইতে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে কুঠিপাড়া এলাকায় উদ্ধার হওয়া কঙ্কালের পাশে তার ব্যবহৃত বলে দাবি করা পোশাক দেখে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। হাড়, মাথার খুলি ও উদ্ধার হওয়া পোশাক ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি একটি রহস্যজনক মৃত্যু। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা—সেসব বিষয়ে নিশ্চিত হতে তদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।