মনোহরদীতে অবৈধভাবে মজুদ ৪৮ ড্রাম সয়াবিন তেল জব্দ, মামলা প্রস্তুতিতে প্রশাসন

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর কামরুল মোল্লার বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৪৮ ড্রাম সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানের সময় বাজারের ব্যবসায়ী আবুল হোসেনের দোকানে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে সেখানে থাকা ৪৮ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, আবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের দাবি, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে তিনি অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করেছিলেন। তবে এ বিষয়ে আবুল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদদারি এবং ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তারা জানান।

স্থানীয় বাসিন্দারা অবৈধ মজুদদারির বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।