রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে সংঘর্ষ: মাদকের বিরুদ্ধে অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা,

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. নাহিদসহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সংঘটিত এ ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ে উত্তেজনা চলছিল। সম্প্রতি এলাকাবাসী মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে এবং এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদের ইমাম আহত হয়েছেন বলে যে প্রচার ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারা বলেন, প্রকৃতপক্ষে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এলাকাবাসী দ্রুত দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।