মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি, ৩ দোকানকে জরিমানা
নরসিংদী প্রতিনিধি | আব্দুল হান্নান মানিক
নরসিংদীর মাধবদী বাজারে বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমান। এ সময় মাধবদী বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট, তৈরি ইফতারের দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
বাজার তদারকির সময় উপস্থিত ছিলেন Council of Consumer Rights Bangladesh (সিআরবি) ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, সিআরবি নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি নগেন্দ্র নাথ বনিক এবং নরসিংদী জেলা সিআরবি’র সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান বিপ্লব।
অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
এ সময় ভোক্তারা প্রশাসনের কাছে দাবি জানান— শুধু জরিমানা নয়, ভেজাল খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে কারাদণ্ড বা জেল-হাজতের বিধান কার্যকর করা হোক। একই সঙ্গে রং মেশানো ও ভেজাল খাবার বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে ভেজাল ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।