শিবপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, আহত স্ত্রী ও মেয়েও। 

শিবপুর উপজেলা প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে নবী হোসেন নামে এক পণ্য পরিবহন ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রী ও মেয়েও।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি নবী হোসেনের বাড়িতে গিয়ে তাঁর ছোট ভাই মনির হোসেনকে খোঁজ করেন। তাঁকে না পেয়ে নবী হোসেনের কাছে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ। এ নিয়ে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে নবী হোসেন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নবী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আহত পরিবারের সদস্যদের অভিযোগ, সানি, নয়ন ও রব্বির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, দুই পক্ষের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।