জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ”

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

০১ নভেম্বর ২০২৬ খ্রি. জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।

 

এ সময় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি যুগোপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক চিন্তা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।