ঘোড়াঘাটে ১৯৮ পিচ সহ ইউপি সদস্য জাকিরুল গ্রেপ্তার।

মাোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।

ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে,, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর রাজা মিয়ার নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশ উপজেলার কুলানন্দনপুর বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ইয়াবা কারবারি ও সেবী পালিয়ে যায়। এ সময় জাকিরুল ইসলামকে আটক করে পুলিশ।

আটক ইউপি সদস্য জাকিরুলের শরীর তল্লাশি করে কোমরে রাখা লুঙ্গির কোষ থেকে পলিথিনে মোড়ানো ১৯৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের উপস্থিতিতে জাকিরুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করার জন্য তার কাছে রেখেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।