নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ১১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং অপর ৯ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন এবং কবিরহাট থানায় ছয়জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।