কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাহদী আমিন তার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

মাহদী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ পরে ওই শিক্ষককে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তাঁর নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।

মাহদী আমিনের মতে, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। তিনি ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতির গুরুত্বও তুলে ধরেন, যা সমাজকে আরও শক্তিশালী করবে।