নরসিংদীর পলাশ উপজেলায় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করছেন মাহাবুব আলম প্রিন্স। গত এক দশক ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব কার্যক্রম পরিচালনা করছেন।
মাহাবুব আলম নিজেকে ক্রীড়া সংগঠক হিসেবে পরিচয় দেন এবং পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে নিয়মিত কাজ করেন। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার তিনি তরুণদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করেন।
গত ১০ বছরে তিনি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ও ফুটবলের খেলার সামগ্রী এবং ফলজ ও ঔষধি গাছের চারা উপহার দিয়েছেন। তার লক্ষ্য হলো তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা এবং পরিবেশের উন্নয়নে অবদান রাখা।
বর্তমানে মাহাবুব আলম পলাশ উপজেলায় ২০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। ইতোমধ্যে তিনি নিজের গ্রামের বড় রাস্তার পাশে প্রায় ২ হাজার চারা রোপণ করেছেন এবং সামাজিক সংগঠনের মাধ্যমে এ কর্মসূচি বিস্তৃত করার পরিকল্পনা করছেন।
মাহাবুব আলম জানান, এ কর্মসূচির জন্য প্রায় ৩০ লাখ টাকার বাজেট তৈরি করেছেন। তিনি বলেন, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে ধারণ করে নিয়মিত বৃক্ষরোপণ করা সমাজ ও রাষ্ট্রের জন্য একটি অপরিহার্য দায়িত্ব।