ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. জসিম উদ্দীন ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত সরকারি গেজেট থেকে নাম বাদ পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নিজের শরীরে আগুন লাগানোর পরিকল্পনার কথা জানান।

জসিম, যিনি বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী, ফেসবুকে একাধিক পোস্টের মাধ্যমে এই চরম পদক্ষেপের বার্তা দেন। তিনি উল্লেখ করেন, সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়ার কারণে তিনি হতাশ।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ২০১১ সালের ‘আরব বসন্তের’ পটভূমি স্মরণ করে লেখেন, তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজির আত্মাহুতির ঘটনা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, ১২ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি আত্মাহুতি দেওয়ার পরিকল্পনা করছেন।

জসিম আরও লেখেন, তিনি চান যে, ভেরিফিকেশন নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক। তিনি নিজের অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংশ্লেষ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড কি তার অযোগ্যতার কারণ?