সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাকে পাচারকালে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুরের ১নং নিজপাট ইউনিয়নের নয়াখেল সারী নদী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, সীমান্তবর্তী জেলা সিলেটের অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সিলেট কাজ করছে। চোরাচালান রোধ এবং মাদক চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে।

বুধবার ভোরে জৈন্তাপুরের নয়াখেল এলাকায় সিলেট তামাবিল-হাইওয়ে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় আসামি মো: আলাল (৩৫) এর হেফাজত থেকে ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ী এবং একটি হলুদ রঙের বড় ট্রাক আটক করা হয়।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, উক্ত ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।