ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দেশটির ভোটারদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের’ হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
২৫ পৃষ্ঠার ওই চিঠিতে আইআরজিসি জানায়, ট্রাম্প প্রশাসনে ‘পরিবর্তন’ আনা প্রয়োজন। তারা দাবি করে, চলমান যুদ্ধ, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রশাসন দেশটির জনগণকে বিভ্রান্ত করছে।
আইআরজিসি চিঠিতে ইরানকে চলমান যুদ্ধে বিজয়ী হিসেবে উল্লেখ করে এবং দাবি করে, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা কিংবা বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অভিযানগুলো সফল হয়নি। তবে তারা স্বীকার করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সাংবাদিকদের বলেন, ট্রাম্পকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে দাবি করেন, মার্কিন নাগরিকেরা প্রশাসনের কর্মকাণ্ডের ক্ষতির বিষয়ে পর্যাপ্ত তথ্য জানেন না।
ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে।