কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান (২৮) হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত নাদিম অভি। তিনি জানিয়েছেন, জিসান হত্যার বিচার না হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জিসান হত্যার বিচারের দাবিতে নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জিসান ভাইয়ের হত্যার বিচার না হলে রাজনীতি ছেড়ে দেব।’

এর আগে, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে দুর্বৃত্তরা জিসানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের চার ঘণ্টা পর সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।