শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে এটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যালয়ে তালা দেওয়া এবং কর্মীদের তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়।

তিনি আরও বলেন, বইটির বিক্রি বন্ধ করা এবং ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া একটি স্পষ্ট বেআইনি কাজ। সরকারের উচিত অবিলম্বে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া।

বিগত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে আসিফ নজরুল উল্লেখ করেন, বর্তমান সময়ে একই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, যা দেশের মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর।