রংপুর নগরী ও আশপাশের এলাকায় মাদক পরিস্থিতিকে ‘চরম উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রংপুরের সবচেয়ে বড় সমস্যা মাদক। মাদকের কারণে অপরাধ ও নিষ্ঠুরতা বাড়ছে। তিনি উল্লেখ করেন, নগরীর মাছুয়া পাড়ায় মাদকসেবনে বাধা দেওয়ায় একজন শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে, যা রংপুরসহ সারা দেশকে নাড়া দিয়েছিল।

মীর শাহে আলম বলেন, রংপুরের সংসদ সদস্যরা মাদক নিয়ে সংসদে ৭১ বিধিতে নোটিশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়া মাদক কারবারিদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি জানান, রংপুরে বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠছে। প্রশাসনের স্থবিরতা এবং জনসচেতনতার অভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্ন তো আমারও।’

প্রতিমন্ত্রী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, পরের মাসের সভায় যদি আইনশৃঙ্খলা উন্নত না হয়, তবে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবেন।