যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার সন্দেহজনক ষড়যন্ত্রে ‘বিদেশি পক্ষ’ জড়িত বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাজ্যে যা ঘটতে পারত, তা অত্যন্ত গুরুতর পরিস্থিতি।

রুবিওর মন্তব্যের প্রেক্ষাপট হলো, ফেয়ারফোর্ড ঘাঁটিতে গ্রেপ্তার হওয়া পাঁচ সন্দেহভাজন ব্রিটিশ নাগরিককে জামিনে মুক্তি দেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ কথা বলেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনই লন্ডনের বাসিন্দা এবং তাদের বয়স ২০-এর কোঠায়।

রোববার ভোরে স্থানীয় এক কৃষক তিনটি সাদা ভ্যান ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখার পর পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার করেছিল।

তদন্তে ইরানের সংশ্লিষ্টতা একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার পর তদন্তকারীরা মনে করছেন, ঘাঁটির কাছে বিস্ফোরণ ঘটানোর মতো তাৎক্ষণিক হামলার প্রস্তুতিতে তারা ছিলেন না।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, সন্দেহভাজনদের জামিনে মুক্তি দেওয়ার অর্থ তদন্ত শেষ হয়ে যাওয়া নয়। তিনি বলেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না, তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে।