ভারতের কেন্দ্রীয় সরকার খাদ্যপণ্যের পর এবার প্রসাধনী পণ্যে আমিষ ও নিরামিষ (ভেজ ও ননভেজ) চিহ্ন ব্যবহারের নতুন বিধি জারি করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী তৈরিতে ব্যবহৃত উপাদান আমিষজাত না নিরামিষজাত, তা প্যাকেটের গায়ে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে হবে।

এত দিন মূলত খাবার ও খাদ্যপণ্যের ক্ষেত্রে এই ধরনের লেবেলিংয়ের প্রচলন ছিল। নতুন এই নির্দেশনার ফলে এখন প্রসাধনী উৎপাদনকারী সংস্থাগুলোকেও তাদের প্যাকেট বা বোতলের গায়ে নির্ধারিত চিহ্ন প্রদর্শন করতে হবে।

ননভেজ বা আমিষজাত উপাদান ব্যবহার করা হলে, তার প্যাকেটে বাদামী বা লাল রঙের গোলাকার চিহ্ন দিতে হবে। অপরদিকে, সম্পূর্ণ নিরামিষজাত উপাদান দিয়ে তৈরি প্রসাধনীর ক্ষেত্রে সবুজ রঙের গোলাকার চিহ্ন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই পদক্ষেপের ফলে সাধারণ ক্রেতারা প্রসাধনী পণ্য কেনার আগে সেটির উপাদানের প্রকৃতি সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারবেন। বিশেষ করে যাদের নির্দিষ্ট খাদ্যাভ্যাস, ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত পছন্দ রয়েছে, তাদের জন্য এই লেবেলিং সহায়ক হবে।

এদিকে, এফএমসিজি (FMCG) প্রস্তুতকারী সংস্থাগুলোকে দ্রুত এই নতুন নির্দেশ মেনে তাদের প্যাকেজিংয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে প্রশাসন।