কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মা ও ভাতিজিকে হত্যা করার অভিযোগে মো. ইমন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে বড়শালঘর ইউনিয়নের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইমনের মা ফিরোজা বেগম (৬২) ও তার ভাতিজি ইসরাত জাহান (২)। হামলায় গুরুতর আহত ইমনের ভাবি রাবেয়া আক্তার বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমনের বড় ভাই মো. সুজন (৩৫) জানান, ২০১৮ সালে ইমনের পা ভেঙে যায় এবং তার দুটি অপারেশন হয়। এরপর থেকে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। সোমবার সকালে সুজন বাড়ি থেকে বের হওয়ার পর ইমন তার মা ও ভাতিজিকে হত্যা করে এবং ভাবিকে গুরুতর আহত করে। স্থানীয়রা ইমনকে আটক করে রাখে।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে।