মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আন্তর্জাতিক সমুদ্রপথে ঝুঁকি সৃষ্টি করে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সংঘাত এড়িয়ে তেহরানের সঙ্গে দ্রুত একটি কার্যকর কূটনৈতিক সমঝোতা বা চুক্তির মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে মনোযোগ দিচ্ছেন। তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। ভ্যান্স জানান, ট্রাম্পের প্রশাসন অতীতে যেসব পক্ষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে, তাদের সঙ্গেও আলোচনা করার জন্য প্রস্তুত।
ভ্যান্স সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প এখনও সম্পূর্ণ বাতিল হয়নি। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে ট্রাম্প দ্রুত একটি টেকসই চুক্তি চান।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ভ্যান্স। তিনি উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে—প্রায় ছয় সপ্তাহের মধ্যে—এই জটিলতার একটি ইতিবাচক সমাধান খুঁজছেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করা অত্যন্ত ফলপ্রসূ হবে।