আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে কুনার প্রদেশের নূরগাল জেলার পাতান গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, রাত আড়াইটার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান প্রথম হামলা চালায়, যার ফলে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারান। এরপর ভোর চারটার দিকে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার টোর কান্দি ও রাখা এলাকায় দ্বিতীয় দফায় বিমান হামলা হয়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তান সামরিক বাহিনী সোমবার পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান সেনা অভিযান জোরদার করেছে।
পাকিস্তানের অভিযোগ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানের অভ্যন্তরে থাকা আস্তানা থেকে কার্যক্রম চালাচ্ছে, যা কাবুল প্রশাসন অস্বীকার করে আসছে। হামলার আগের দিন খাইবার পাখতুনখাওয়ার হাংগু জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হন।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত পারের এই হামলাগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে। আফগান তালেবান এসব হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে, অন্যদিকে পাকিস্তান দাবি করছে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।