রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে ককটেলটি বিস্ফোরিত হয়। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
এসপি নিকুলিন চাকমা আরও বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
এদিকে, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।