রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, ‘জিয়া পরিবার সবসময় দেশের জনগণের পাশে থেকে কাজ করেছে।’ তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদে থাকে।’ তিনি বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার উদাহরণ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও কাজ করা হবে।’ এমপি নজরুল ইসলাম মন্ডল দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সমর্থিত প্রার্থীকে মেনে নিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সদস্যসচিব আহমেদ রেজাউল করিম স্বপন ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেন। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান পিন্টু।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।