জাপানে চলমান এশিয়ান গেমসের উদ্বোধনের আগে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিমানবন্দরে অ্যাথলেটদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা এবং নিম্নমানের আবাসন নিয়ে দক্ষিণ কোরিয়ার তীব্র প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
আগামীকাল নাগোয়া ও আইচি অঞ্চলে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরটির উদ্বোধন হওয়ার কথা। তবে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করতে গিয়ে আয়োজকদের চাপে পড়তে হয়েছে। ব্যয় কমাতে এবার কোনো অ্যাথলেটস ভিলেজ নির্মাণ করা হয়নি, বরং হোটেল, অস্থায়ী কেবিন ও ক্রুজ জাহাজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে।
অ্যাথলেটদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন যে, তাদের জন্য বরাদ্দ করা বিছানাগুলো আকারে ছোট এবং অস্বস্তিকর। চীনের বিশ্ব চ্যাম্পিয়ন জিমন্যাস্ট ঝাং বোহেং জানান, বুধবার পৌঁছানোর পর তাকে ও তার সতীর্থদের টানা ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তিনি বলেন, ‘আমি পুরোপুরি ক্লান্ত। সকাল সাতটায় প্রাতরাশ করার পর ভাবিনি আবার সন্ধ্যা সাতটার আগে কিছু খেতে পারব না।’
নিবন্ধন ও দাপ্তরিক কাগজের ঝামেলা শেষে নাগোয়া বন্দরে রাখা একটি ক্রুজ জাহাজে তাদের নেওয়ার কথা ছিল, কিন্তু ভারী বৃষ্টির কারণে তারা জাহাজে উঠতে পারেননি। শেষ পর্যন্ত নিজেদের খরচে হোটেলে বিশ্রাম নিতে হয়। একই অভিজ্ঞতা হয়েছে ভারতীয় দলেরও, যারা বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হয়েছেন।
এদিকে, দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটি আয়োজকদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জাপানি যোদ্ধা তোয়োতোমি হিদেওশির পোশাক পরা প্রতিনিধি রাখার কারণে। এই পরিস্থিতির মধ্যে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মহাপরিচালক হুসেইন আল-মুসাল্লাম অ্যাথলেটসংখ্যা বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন।