যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে দেশটির কংগ্রেসকে অবহিত করেছে। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তি বাস্তবায়িত হলে এটি হবে কোনো আরব দেশের কাছে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রি।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত বিক্রয় চুক্তি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে বলেও উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) জানায়, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের আওতায় এফ-৩৫ কেনার বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে সফরের সময় ওই প্রতিরক্ষা অংশীদারিত্ব চূড়ান্ত হয়।
চুক্তির অগ্রগতি নিয়ে এমইই জানায়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান চলতি গ্রীষ্মে একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। তবে চুক্তির ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরব চাপের মধ্যে রয়েছে।
এফ-৩৫ বিক্রির বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রশাসনের ঘোষণাটি তাঁর অবস্থানের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কিছু মার্কিন কর্মকর্তার মধ্যে উদ্বেগ রয়েছে যে, সৌদি আরব এফ-৩৫ পেলে চীনের হাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চলে যেতে পারে।