নরসিংদী শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা গুনলেন ১১ জন
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরকে যানজটমুক্ত করা এবং সড়ক ও ফুটপাতে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভা। এ সময় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখলের অভিযোগে ১১ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভা মোড় থেকে বৌয়াকুড় মোড় পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নরসিংদী সদর হাসপাতাল ও পায়রা চত্বর এলাকায়ও অভিযান চালানো হয়।
নরসিংদী পৌরসভার প্রশাসক মো. সফি উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করার অপরাধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮(৭) ধারা অনুযায়ী ১১ জনকে জরিমানা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ। এ সময় পৌরসভার প্রশাসক মো. সফি উল্লাহ উপস্থিত ছিলেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, অবৈধ দখলমুক্ত সড়ক ও ফুটপাত নগরবাসীর চলাচল আরও সহজ করবে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।