
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রয়ের দাম নির্ধারণ করেছে। নতুন আদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইউনিটপ্রতি ৬ টাকা ৯৮ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দরে কিনবে বিতরণ সংস্থাগুলো।
বিইআরসি বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে। সৌরবিদ্যুৎভিত্তিক বাণিজ্যিক কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) একক ক্রেতা হিসেবে বিদ্যুৎ কিনতে পারবে। ৩৩ কিলোভোল্ট বা কেভিতে প্রতি ইউনিটের দাম হবে ৬ টাকা ৯৮ পয়সা এবং ১৩২ কেভিতে দাম হবে ৭ টাকা ১১ পয়সা।
বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি বড় গ্রাহকের কাছে বিক্রির সুযোগ রয়েছে। তবে সরকারি সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহার করলে আলাদা মাশুল দিতে হবে, যা ‘ওপেন অ্যাকসেস ট্যারিফ’ নামে পরিচিত।
বিইআরসি বিজ্ঞপ্তিতে তিন ধরনের সংযোগের জন্য মাশুল নির্ধারণ করেছে। বিদ্যুৎকেন্দ্র সরাসরি গ্রিডে এবং গ্রাহক সরকারি বিতরণ সংস্থার ব্যবস্থায় যুক্ত থাকলে সঞ্চালন ভোল্টেজ অনুযায়ী মাশুল দিতে হবে।
২০২৫ সালে নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে মার্চেন্ট পাওয়ার নীতিমালা করা হয়। এই ব্যবস্থায় এক এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্র সরকারি সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহার করে অন্য এলাকার বড় গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।