
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের নির্মাণকাজের সয়েল টেস্ট চলাকালে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ইমন নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা শ্রমিকদের মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মালপত্র নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে শহীদ জিয়া হলের নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে বুধবার সকালে সয়েল টেস্টের কাজ শুরু হয়। এ সময় কয়েকজন সেখানে গিয়ে শ্রমিকদের হুমকি ও ভয়ভীতি দেখায়। তবে শ্রমিকরা হুমকি উপেক্ষা করে কাজ চালিয়ে যান।
রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা খাবার খেতে গেলে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা রাইফেলস ক্লাবের ভেতর দিয়ে জিয়া হল এলাকায় প্রবেশ করে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় ইমন হামলাকারীদের আটকানোর চেষ্টা করলে তাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে খানপুর ৫০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান হাসপাতালে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
খানপুর ৫০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আহত শ্রমিক ইমনের দুই হাতে সেলাই দিতে হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আহত শ্রমিকরা থানায় এসে মামলা করার প্রক্রিয়া শুরু করেছেন।