
সাতক্ষীরার সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক নারী ও তার স্বজনদের মোটরসাইকেল থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে শেখ নাজির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর ছাত্তারের মিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মোসলেমা খাতুন জানান, তিনি ও তার স্বামী আনারুল ইসলাম লক্ষ্মীদাড়ী এলাকা থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে চারজন তাদের অনুসরণ করে এবং নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের থামায়। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। একপর্যায়ে নাজির হোসেন টাকা নেওয়ার চেষ্টা করেন।
ভুক্তভোগীর দাবি, তার কাছে থাকা টাকার একটি অংশ নেওয়া হয়েছিল, তবে স্থানীয় লোকজন জড়ো হয়ে যাওয়ায় পুরো টাকা নিতে পারেনি। ঘটনার পর স্থানীয়রা নাজির হোসেনকে মারধর করেন। পরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে, ঘটনাটি শুধু টাকা ছিনতাইয়ের চেষ্টা নয়; এর সঙ্গে সোনা ছিনতাইয়ের বিষয়ও থাকতে পারে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।