
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর ও উঠতি বয়সি তরুণদের অপরাধ ও মাদক সেবন ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে থানা-পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই মাদক সেবনের সঙ্গে জড়িত। অভিযানটি উপজেলা সদরের কলেজপাড়া আবাসিক এলাকা, শশীদল ইউনিয়নের হরিমঙ্গল, আশাবাড়ি, সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় পরিচালিত হয়।
পুলিশের নজরদারি ও তৎপরতা কিশোরদের আড্ডা, মাদক সেবনসহ নানা অপরাধপ্রবণতা ঠেকাতে জোরদার করা হয়েছে। সচেতন মহল ও স্থানীয়রা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই সতর্ক করতে সহায়ক হবে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, কিশোর ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। তিনি পরিবারের পাশাপাশি সমাজের সকলের সহযোগিতার আহ্বান জানান।