
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ আহত হয়েছেন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার জানান, সাংগঠনিক বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের বিষয়ে জানতে পারেন তারা। এ নিয়ে প্রতিবাদ জানালে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির নেতাদের অভিযোগ, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার ছোট ভাই ইয়াসিন ও তার অনুসারীরা এ হামলায় অংশ নেন। হামলার বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। তিনি বলেন, ‘এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত নই।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘এনসিপির নেতা-কর্মীরা থানায় এসেছেন। অভিযোগ জমা দিলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’