
ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আজমুল হক বলেছেন, ডেঙ্গু মশা আগে দিনে কামড়াতো এখন রাতেও কামড়ায়।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে বিশেষ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ডেঙ্গু মশা শুধু পরিষ্কার পানিতে থাকে না, ময়লা পানিতেও থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় তিনি অতিথিদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই প্রত্যেককে নিজের বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে জেলা পরিষদের পক্ষ থেকে কার্যক্রম চালানো হবে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর এই বিশেষ কর্মসূচি আগামী তিন মাস ধরে চলবে।