
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের নাতিকে মাটিতে আছড়ে ফেলার অভিযোগে মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী এবং শিশুটির দাদি। শিশুটির নাম নাফিন খান (২) এবং তার বাবা নিরব খান। অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম নাফিন খানকে দুই হাত দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলেন। এতে শিশুটির কোমরে আঘাত লাগে এবং পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শিশুটির মা সোনালী আক্তার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে মুক্তা বেগম বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।
শ্রীনগর থানার পুলিশ জানায়, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার বিশেষ অভিযান চালিয়ে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে আছড়ে ফেলার ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক।