
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোররা হলো জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালা গ্রামের পঞ্চুর ছেলে ঝলক (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুদ্র ও ঝলক জামুর্কি বাজার থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রুদ্র ও ঝলকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’