
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল ও ব্যানার-পোস্টার বহনের সন্দেহে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক হওয়া ছাত্রলীগ নেতার নাম মো. সুমন খান মিরাজ। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখার বর্তমান কমিটির সহ-সম্পাদক পদে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় দ্বিতীয় গেট এলাকায় জবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অবস্থান করছিলেন।
আটকের সময় উপস্থিত শিক্ষার্থীরা দাবি করেন, তিনি ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর বিষয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন আটকের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের এক আহ্বায়ক সদস্য জানান, তারা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন এবং ওই যুবককে ফোনে কাউকে ককটেল ও পোস্টার নিয়ে আসার কথা বলতে শোনা যায়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানা ওসি কে এম রবিউল ইসলামকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। আটক যুবক মো. সুমন খান মিরাজের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বদরপুরে। তবে তার পরিচয় ও সাংগঠনিক পদ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।