
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা একটি গুরুত্বপূর্ণ শর্ত। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভারত সরকার তাদের হস্তান্তর করবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, ‘আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা ও অন্যদের ব্যাপারে আমাদের অবস্থানটা এমন। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এগুলোর ব্যাপারে তাদের বিবেচনা করা উচিত।’
জাহেদ উর রহমান পুলিশের গ্রেফতারের সংখ্যা নিয়ে অভিযোগের বিষয়ে বলেন, ‘গণগ্রেফতার’ বা ‘নির্দোষ মানুষকে হয়রানির’ যে অভিযোগ উঠেছে, তা ‘ব্যাপকভাবে সত্য নয়’। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল বা অন্যায় হতে পারে বলেও তিনি স্বীকার করেন।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিকদের বিরূপ আচরণ বা সেবা না দেওয়ার প্রবণতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।