
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
হুমায়ুন কবির জানান, জরুরি বিভাগে যে দুজনের লাশ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যু নিয়ে যে খবর আসছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য সচিব আব ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ অসত্য। মৃতদের তালিকায় জাহানারা নামে যে মহিলার নাম রয়েছে, তিনি হাসপাতালে এখনো ভর্তি। অপর দুজনের স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু হয়েছে।
এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লেগে আটতলা পর্যন্ত লিফটের সবকিছু পুড়ে যায়। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয় কমপক্ষে ২০ জন।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবরে আটতলা নতুন ভবনে থাকা রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে। নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।