
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদকে দুর্নীতির অভিযোগের বিষয়ে সামনাসামনি বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ চ্যালেঞ্জ জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশনে (দুদক) যাওয়ার প্রয়োজন নেই, আসিফ মাহমুদ তার মুখোমুখি হলেই যাবতীয় অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ তুলে ধরবেন। তিনি আসিফ মাহমুদের ব্যক্তিগত দুবাই সফর নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এই সফরের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের আমলে নয়, বরং অন্তর্বর্তী সরকারের সময়েই আসিফের বিরুদ্ধে এসব অভিযোগ সামনে এসেছিল। তিনি প্রশ্ন তোলেন, তৎকালীন দুদক যদি নিরপেক্ষ হতো, তবে আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তে কেন বাধা দেওয়া হয়েছিল।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব এবং এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনগুলোতে দলের শীর্ষ নেতাদের অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জ্যেষ্ঠ নেতারা নিজেদের বিতর্কমুক্ত রাখতে আসিফ মাহমুদকে সমর্থন দিতে বিরত থাকছেন কি না।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, দুর্নীতির অভিযোগের কারণে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধ সত্ত্বেও আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন ছেড়ে দিতে রাজি হননি। তিনি আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একই কারণে তাকে ছাড় দেওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।