
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে পাঁচজনকে জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে তাজুল ইসলাম (৫০), এনামুল (২৯), শাহজালাল (২৮), নাছির হোসেন (২৫) ও স্বপন মিয়া (৩৪) রয়েছেন। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে তাজুল ইসলাম, এনামুল, শাহজালাল, নাছির হোসেনকে ৫০০ টাকা করে এবং স্বপন মিয়াকে দেড় হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এই জরিমানা আমলি আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন সামারি ট্রায়ালের মাধ্যমে করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো ফারুক হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে পাঁচজনকে জরিমানা করেছেন আদালত। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।