
সরকারি ছুটির দিনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিপুল পরিমাণ বই সরানোর ঘটনায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবের কারণে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ভ্যানে করে বই বের করে একটি ট্রাকে বোঝাই করা হয়। ঘটনাস্থলে থাকা ভ্যানচালক জানান, তারা ভাড়ায়চালিত গাড়ির চালক এবং বইগুলো কোথায় নেওয়া হচ্ছে সে সম্পর্কে জানেন না।
এক ব্যক্তির কাছে বইগুলোর গন্তব্য জানতে চাইলে তিনি প্রথমে জানান, এগুলো নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নেওয়া হচ্ছে। তবে ক্যামেরার সামনে একই বক্তব্য দিতে বললে তিনি আর কোনো মন্তব্য করেননি।
অফিসে থাকা সেলিম শেখ নামের একজন ব্যক্তি জানান, পুরোনো বই সংগ্রহ করে নতুন কাগজ তৈরির কাজে ব্যবহার করা হবে। তবে পরে তিনি আবার জানান, বইগুলো প্রথমে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নেওয়া হবে এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক লতিফুর রহমান বলেন, দুই দিন আগে নেত্রকোনা থেকে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে কথা বলে গেছেন। জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি ছুটির দিনে এভাবে বই নেওয়া উচিত নয় এবং বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
এদিকে, স্থানীয়রা দাবি করেছেন, সরকারি নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।