
নড়াইলে সুলায়মান ইসলাম (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিন শিক্ষককে আটক করেছে।
নিহত সুলায়মান নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের মারকাযুল কুরআন মাদরাসার আবাসিক শিক্ষার্থী। তিনি রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোর রাতে মাদরাসার আবাসিক ভবনে অসুস্থ হয়ে পড়ে সুলায়মান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
নিহতের বাবা সৈয়দ ইকরামুল অভিযোগ করেছেন, মাদরাসার শিক্ষকদের নির্যাতনের কারণে সুলায়মান অসুস্থ হয়ে মারা গেছে। তবে মারকাযুল কুরআন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মাদরাসার কোনো শিক্ষক সুলায়মানকে নির্যাতন করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, ময়নাতদন্ত ও চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আটক তিন শিক্ষক হলেন ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) ও ফাহাদ শেখ (২৫)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।