
মালয়েশিয়ায় দুই দিনব্যাপী অভিযান চালিয়ে ৪৬০ জন বাংলাদেশিসহ মোট ৩,৩০৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়।
১২ আগস্ট মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী বাংলাদেশি। এছাড়া ৩২৮ জন ইন্দোনেশিয়ার, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিকও রয়েছেন।
জাকারিয়া শাবান বলেন, সাধারণ মানুষের অভিযোগ এবং গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযানের স্থান নির্ধারণ করা হয়। বিদেশিদের অনিয়ন্ত্রিত উপস্থিতি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি নথিপত্রহীন বিদেশিদের জন্য চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচির আওতায় বিদেশিরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে পারবেন।